দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্ধারিত জেলাগুলোর মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য আরও ৪ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
























