দেশের অর্থনীতি নিয়ে আলোচনা মানেই সাধারণত বাজেট, রাজস্ব আয় কিংবা সরকারি ব্যয়ের হিসাব। কিন্তু অর্থনীতির প্রকৃত গতি নির্ধারণে এসব হিসাবের বাইরেও রয়েছে ব্যবসায়িক আস্থা, বিনিয়োগের পরিবেশ, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ প্রজন্মের দক্ষতা তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়। এসব প্রশ্নকে সামনে রেখে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সেমিনার। আলোচনায় উঠে এসেছে পুঁজি দেশের বাইরে চলে যাওয়া, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের মধ্যে আস্থার ঘাটতি এবং দেশীয় বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তা।
গত শনিবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়াম ৮০১-এ ‘সরকারি ও করপোরেট খাতে জাতীয় বাজেটের বিধানসমূহের প্রভাব’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের এমবিএ ও ইএমবিএ প্রোগ্রামস। সহযোগিতায় ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্ট্রাপ্রেনার্স সোসাইটি (ইয়েস)। অনুষ্ঠানটির গণমাধ্যম সহযোগী বার্তা২৪.কম।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও চেয়ারম্যান এম. এ. কাশেম। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী।
আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জাতীয় বাজেটের বিভিন্ন সিদ্ধান্তের বাস্তব প্রভাব। সরকারি ব্যয়, রাজস্ব আহরণ ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রমে বাজেটের প্রভাব নিয়েও কথা বলেন বক্তারা। তবে আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় বিনিয়োগ পরিবেশ ও ব্যবসায়িক আস্থার বিষয়টি।
বক্তাদের আলোচনায় উঠে আসে, দেশের অর্থনীতিতে বিনিয়োগ বাড়াতে হলে প্রথমেই আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। পুঁজি দেশের বাইরে চলে যাওয়া, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আস্থার দুর্বলতা এবং দেশীয় বিনিয়োগে উৎসাহের অভাব অর্থনীতির জন্য উদ্বেগের বিষয়। এসব সমস্যা মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বিনিয়োগকারীদের এক জায়গায় এনে আলোচনা ও সহযোগিতার সুযোগ তৈরিতে একটি বিনিয়োগকারী ফোরাম গঠনের প্রস্তাবও উঠে আসে।
তবে অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনাটি শুধু বর্তমান সংকটেই সীমাবদ্ধ থাকেনি। উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্যোক্তা তৈরির সঙ্গে জাতীয় অর্থনৈতিক উন্নয়নের সম্পর্কও বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া শিক্ষার্থীদের দক্ষতা এবং শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব চাহিদার মধ্যে যে ব্যবধান রয়েছে, তা কমানোর ওপর জোর দেন আলোচকেরা।
এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর কয়েকটি প্রস্তাব উঠে আসে। শিক্ষার্থীদের শিক্ষানবিশ ও ইন্টার্নশিপ কার্যক্রমে কর-সুবিধা, শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়নে গবেষণার সুযোগ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক উদ্ভাবনী অবকাঠামোয় বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সহজ অর্থায়ন এবং শিক্ষার্থী উদ্যোক্তাদের প্রাথমিক সহযোগিতা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
























