প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, তৈরি পোশাক খাতের কিছু ক্ষেত্রে বর্তমানে অস্থিতিশীলতা পরিলক্ষিত হচ্ছে। তবে সরকার শ্রমবান্ধব নীতিমালাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আলাপ-আলোচনা ও পারস্পরিক আলোচনার মাধ্যমে মজুরি বোর্ড খুব শীঘ্রই একটি যৌক্তিক, ন্যায্য ও গ্রহণযোগ্য মজুরি নির্ধারণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রোববার (২২ নভেম্বর) সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য গবেষণা কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন আরও বলেন, শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং নিরপেক্ষ প্রতিনিধিদের ওপর সরকার পূর্ণ আস্থা রাখতে চায়। তারা যত দ্রুত সম্ভব মজুরি নির্ধারণ করবেন এবং এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। সরকারের মূল লক্ষ্য হলো শ্রমিকদের জীবনমান উন্নত করা; কারণ শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের মাধ্যমেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব।
তিনি উল্লেখ করেন, গত কয়েক দিন ধরে দেশের কিছু স্থানে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তার নেপথ্যে রয়েছে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট মহলের সুনির্দিষ্ট অনুপ্রবেশ। সরকার অত্যন্ত আন্তরিকতা ও সর্বোচ্চ সহনশীলতার সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে সব সংকটের সমাধান করতে বদ্ধপরিকর। এই দেশ আমাদের সকলের, তাই সম্মিলিতভাবে দেশমাতৃকাকে এগিয়ে নেওয়ার দায়িত্বও আমাদেরই।
এ সময় কনফারেন্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, তৈরি পোশাক খাতের বর্তমান অস্থিরতা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর মূল লক্ষ্য হলো এই সম্ভাবনাময় শিল্প এবং সামগ্রিকভাবে বাংলাদেশকে গভীর সংকটে ফেলা। এই খাতকে সুরক্ষিত রাখার দায়িত্ব কেবল সরকার, শ্রমিক কিংবা মালিকদের একার নয়, বরং সকলের। শ্রমিকদের নায্য দাবিগুলো পূরণে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও যোগ করেন, চলতি অর্থ বছরের বাজেট পুরোপুরি শ্রমিক ও শিল্পবান্ধব হিসেবে প্রণয়ন করা হয়েছে। এই ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড প্রমাণ করে যে, এর সঙ্গে জড়িতরা দেশের পোশাক শিল্পকে ধ্বংস করতে চায় এবং নারীর ক্ষমতায়নকে বাধাগ্রস্ত করতে চায়। তারা ভবিষ্যতে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখছে। এই ধরনের অপচেষ্টা রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
























