নেত্রকোনার আটপাড়ায় নদীর ঘাটে গোসলের সময় কাদাপানি ছিটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে বাঁশের আঘাতে গুরুতর আহত মামুন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
নিহত মামুন আটপাড়া উপজেলার গোয়াতলা পশ্চিমপাড়া গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মগড়া নদীতে গোসল করতে যায় মামুন। এ সময় নদীর ঘাটে পানি দিয়ে কাদার সৃষ্টি হলে ওজু করতে আসা স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মারামারির ঘটনায় মাথায় বাঁশের আঘাত পেলে সে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


























