প্লাস্টিকের ড্রাম এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো হয়েছিল দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির নানা উপকরণ। বাইরে থেকে দেখে সাধারণ পণ্যের পরিবহন মনে হলেও, দুটি অটোরিকশায় বহন করা হচ্ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক ও নাশকতার সরঞ্জাম। তবে শেষ রক্ষা হয়নি, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চেকপোস্টে ধরা পড়ে যায় এই ভয়ঙ্কর চালান।
কক্সবাজারের টেকনাফের আদর্শগ্রাম এলাকায় শনিবার (২১ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে দুটি অটোরিকশা থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক জব্দ করে বিজিবি। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হলেও মোটরসাইকেলে থাকা আরও তিনজন পালিয়ে যেতে সক্ষম হন।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শনিবার রাত ১০টার দিকে তাদের কাছে গোপন সংবাদ আসে যে বটতলী থেকে পর্যটনপাড়া হয়ে আদর্শগ্রামের দিকে অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান পাচার করা হচ্ছে। নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলো নেওয়া হচ্ছিল—এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় পাঁচটি আলাদা চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে বিজিবি।
অভিযানকালে আদর্শগ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে আসা দুটি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। অটোরিকশাচালকদের কাছে থাকা মালামাল সম্পর্কে জানতে চাওয়া হলে তারা জানান যে এসব জিনিস সামনে থাকা একটি মোটরসাইকেলের আরোহীদের। পরবর্তীতে বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদ করতে এগোলে তারা পালানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা শর্টগান দিয়ে ফাঁকা গুলি ছুড়লে, মোটরসাইকেলটি ফেলে অন্ধকারে পালিয়ে যান তিন আরোহী।
এরপর অটোরিকশা দুটি জব্দ করে বিজিবি ব্যাটালিয়ন সদরে নিয়ে ব্যাপক তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বেরিয়ে আসে অস্ত্র ও বিস্ফোরকের এক বিশাল ভাণ্ডার। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক এবং ২৫৪ রাউন্ড তাজা গুলি। এছাড়া বোমা তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, ৮ কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, ১টি টুল বক্স এবং ৫৪টি দিয়াশলাইয়ের বাক্স জব্দ করা হয়।
উদ্ধারকৃত বিস্ফোরকের পরিমাণও ছিল বেশ উদ্বেগজনক। এর মধ্যে রয়েছে ৩ কেজি ৭৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গানপাউডার এবং বিভিন্ন আকারের আরও ৬ কেজি ৬০৯ গ্রাম বিস্ফোরক দ্রব্য। পাশাপাশি বোমা বিস্ফোরণে ক্ষয়ক্ষতি বাড়াতে ব্যবহৃত ১১ কেজি ৯০ গ্রাম ছোট স্টিলের বল ও ৩ কেজি লোহার পেরেক উদ্ধার করা হয়।
এই ঘটনায় টেকনাফের নতুন পল্লানপাড়ার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিমকে (১৮) আটক করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র ও বিস্ফোরক পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তবে এত বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক কোথা থেকে সংগৃহীত হয়েছিল, কোথায় এগুলো সরবরাহ করা হচ্ছিল এবং এর নেপথ্যে কোন চক্র জড়িত রয়েছে, তা এখনো পরিষ্কার নয়। পলাতক তিনজনের পরিচয় এবং এই ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়েও বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে এবং উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক জব্দের ঘটনায় নিয়মিত মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।






















