মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে তিনতলা ভবনটির জানালার কাচ ভেঙে ফেলা হয় এবং নিচতলার একটি কক্ষ ও সেখানে থাকা আসবাবপত্র পুড়ে যায়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরের কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকায় আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের ওই বাসভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল ওই সড়কে জড়ো হয়ে বাসভবনটিতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং নিচতলার একটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসভবনে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না। ভবনটির অন্য অংশে বসবাসকারী তার বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হকও বর্তমানে বরিশালে অবস্থান করছেন না। অন্যদিকে, জিয়াউল আহসান মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা আগুন দিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি, তবে বর্তমানে পরিস্থিতি ও আগুন নিয়ন্ত্রণে রয়েছে।


























