দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মশাল মিছিল বের করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে বিরামপুর উপজেলার বেপারীটোলা ও নবাবগঞ্জের দাউদপুর সড়কের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এই মিছিলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তবে মিছিল শুরুর কিছুক্ষণ পরই পুলিশ এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতির খবর পেয়ে অংশগ্রহণকারীরা মশাল ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মশালসহ মিছিলের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। এ সময় স্থানীয় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিষিদ্ধ সংগঠনের মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে কাউকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে পড়ে থাকা আলামত দেখে মিছিলের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।





















