বরিশাল নগরীর বটতলা এলাকায় অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি এই হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে জানালার কাঁচ ভেঙে যায়। এরপর তারা নিচতলার গার্ডরুম ও সামনের কয়েকটি সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, অগ্নিসংযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, তিনি বিষয়টি শুনেছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।


























