মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের লাগাতার বিক্ষোভ ও সড়ক অবরোধের জেরে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, কারখানা থেকে বেরিয়ে আসা এবং মহাসড়ক অবরোধের ঘটনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
শ্রমিক অসন্তোষের কারণে এদিন গাজীপুরে মোট ১২২টি কারখানার উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। এর মধ্যে ৪৫টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ২২টিই শ্রীপুর উপজেলার। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ ৭৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
সকাল সোয়া ৮টার দিকে বাঘের বাজার, মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়িসহ বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মজুরি বাড়ানোর দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে আসেন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘের বাজার এলাকার মণ্ডল ইন্টিমেটসের শ্রমিকেরা প্রথমে হাজিরা দিয়ে পরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বেরিয়ে আসেন। এরপর গোল্ডেন রিফিট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে নিয়ে তাঁরা মহাসড়কে নামার চেষ্টা করেন এবং আশপাশের কারখানাগুলো বন্ধের দাবি জানান।
পরিস্থিতি বিবেচনায় সিলকেন সুইং, এসরোটেক্স গার্মেন্টস লিমিটেড, এস এম নীট ওয়্যার লিমিটেড, মেঘনা গ্রুপের সাবলাইন গ্রিন টেক্সটাইল, চিটাগাং ডেনিম লিমিটেড ও মেঘনা গার্মেন্টসসহ বেশ কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ক্রিস্টাল গার্মেন্টস, ডেমিমেক গার্মেন্টস, ডিভাইন গার্মেন্টস, হ্যামস গ্রুপের ঢাকা ফ্যাশন লিমিটেড, ভিক্টোরিয়া ইন্টিমেটস, পলমল গ্রুপের তাকওয়া ফ্যাশনসহ আরও কয়েকটি কারখানায় একই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বেলা ১২টার দিকে সদর উপজেলার সালনা এলাকাতেও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় প্রায় ৩০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির জানান, গত তিন সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় এ ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, যা নিরসনে প্রশাসন কাজ করছে।






















