বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। তাই কোনো ধরনের ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানের শহিদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি পুলিশের সব ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির তাগিদ দেন।
উল্লেখ্য, প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং নারী বিভাগে এপিবিএন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















