খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি ও সমাজসেবা অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে দুর্বৃত্তরা অফিসে অগ্নিসংযোগ করলে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র, কম্পিউটার যন্ত্রাংশ ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে কেরোসিনের খালি বোতল উদ্ধার করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত নাশকতা।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। সরকারি দপ্তরে নাশকতার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

























