কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে ভক্ত ও পাঠকদের ঢল নেমেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকেই প্রিয় লেখকের সমাধিতে শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় করেন।
সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, গান, কবিতা পাঠ ও স্মৃতিচারণার মাধ্যমে প্রিয় লেখককে স্মরণ করেন ভক্তরা। হিমু পরিবহনের সদস্যরাও দলবেঁধে নুহাশ পল্লীতে এসে শ্রদ্ধা নিবেদন করেন। ভক্তরা জানান, হুমায়ূন আহমেদের সৃষ্টি আজও তাদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক ও জনপ্রিয়।
নুহাশ পল্লীর ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, লেখকের মৃত্যুর পরও তার প্রতি মানুষের ভালোবাসা এতটুকু কমেনি। জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে প্রতিবারই এখানে ভক্তদের উপচে পড়া ভিড় থাকে। দর্শনার্থীদের প্রত্যাশা পূরণে কর্তৃপক্ষ সব সময় সচেষ্ট থাকে।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ১৯৭২ সালে প্রকাশিত ‘নন্দিত নরকে’ উপন্যাসের মাধ্যমে বাংলা সাহিত্যে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। হিমু, মিসির আলী ও শুভ্রের মতো কালজয়ী চরিত্র সৃষ্টির মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখে গেছেন।


























