জন্মদিনে মুম্বাইয়ের বিখ্যাত বাংলো ‘মান্নাত’-এর ব্যালকনিতে চিরাচরিত মধ্যরাতের দেখা না মিললেও ভক্তদের আশাহত করেননি বলিউড বাদশাহ শাহরুখ খান। ৬১ বছরে পা রাখা এই সুপারস্টার তার বাসভবনের বাইরে অপেক্ষা করা হাজার হাজার অনুরাগীর জন্য অভিনব উপায়ে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মান্নাতের বাইরে স্থাপিত এক বিশাল প্রজেক্টরে তার নিজের হাতে লেখা চিরকুট প্রদর্শন করা হয়।
বার্তায় শাহরুখ লিখেছেন, ‘আপনাদের অকৃত্রিম শুভেচ্ছা ও ভালোবাসার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমার পক্ষ থেকেও রইল অনেক ভালোবাসা ও বড় একটি আলিঙ্গন।’ শুভানুধ্যায়ীদের জন্য এই বার্তার পাশাপাশি তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর বিশেষ কিছু ঝলকও প্রদর্শন করা হয়।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশননির্ভর চলচ্চিত্র ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ২০২৩ সালের ‘ডাঙ্কি’র পর দীর্ঘ বিরতি কাটিয়ে এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় ফিরছেন শাহরুখ। বিশেষ বিষয় হলো, ছবিটিতে প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এ ছাড়া এতে দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি ও অভিষেক বচ্চনের মতো তারকাদের দেখা যাবে।


























