রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন অপরাধে মোট ৫৭টি মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে ১৫২ জন, তেজগাঁও বিভাগে ৭৫ জন, গুলশান বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৫১ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের কাছ থেকে দুটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, দুই লিটার পেট্রোল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮ পিস ইয়াবা, ১৯ বোতল ফেনসিডিল, আটটি মোবাইল ফোন, নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
























