গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসার কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় বাসাটির দরজায় বাইরে থেকে তালা লাগানো ছিল।
সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার দুলাল মিয়ার বাড়ির চারতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহীন হোসেন রাজাবাড়ী ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের বড় ভাই আজাহার হোসেন জানান, প্রায় পাঁচ মাস আগে শাহীন বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহীনের বন্ধু পরিচয় দেওয়া আলমগীর হোসেন ফোন করে তাকে হত্যার খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসার দরজায় তালা দেখতে পান। বিষয়টি নিশ্চিত হতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের খাটের ওপর শাহীনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। শক্ত জিআই তার পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের ধারণা। হত্যার পর দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ বাসার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, শাহীন ওই বাসায় এক তরুণীর সঙ্গে বসবাস করতেন। ঘটনার পর থেকে ওই তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।























