বয়সের হিসেবে ৬১ ছুঁয়েছেন, অথচ শরীর ও রূপের দিক দিয়ে যেন এখনো চিরতরুণ। বলিউড ‘বাদশা’ শাহরুখ খান আবারও তাঁর সুঠাম ও পেশিবহুল শরীর দিয়ে মুগ্ধ করেছেন ভক্তদের। সম্প্রতি ‘কিং’ সিনেমার ‘তু মিল জায়ে’ গানে খালি গায়ে তাঁর সুগঠিত এইট-প্যাক অ্যাবস দেখে নেটদুনিয়ায় চলছে তুমুল প্রশংসা। দীর্ঘ অভিনয় ক্যারিয়ার, অনিয়মিত ঘুম ও ব্যস্ত শিডিউলের মধ্যেও কীভাবে ফিটনেস ধরে রাখছেন তিনি—তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।
শাহরুখের এই আকর্ষণীয় শারীরিক গঠনের পেছনে রয়েছে নিয়মতান্ত্রিক শরীরচর্চা এবং সুষম খাদ্যাভ্যাস। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তিনি দিনে মূলত দুই বেলা খাবার খান—দুপুর ও রাতের খাবার। তাঁর দৈনন্দিন খাদ্যতালিকায় প্রাধান্য পায় অঙ্কুরিত বীজ, গ্রিলড চিকেন, ব্রকলি এবং সীমিত পরিমাণে ডাল। তবে নিজেকে সবসময় পছন্দের খাবার থেকে বঞ্চিত রাখেন না তিনি; মাঝেমধ্যে বিরিয়ানি, পরোটা কিংবা লাচ্ছির স্বাদও নেন পরিমিতভাবে।
শাহরুখের জীবনযাত্রার অন্যতম ব্যতিক্রমী দিক হলো তাঁর ঘুমের রুটিন। গভীর রাত বা ভোর ৫টার দিকে ঘুমাতে যাওয়া তাঁর দীর্ঘদিনের অভ্যাস। শুটিং শেষে অনেক রাত করে বাড়ি ফিরলেও নিয়ম করে শরীরচর্চা সারেন তিনি; এরপরই বিশ্রামে যান।
বিশেষজ্ঞদের মতে, শাহরুখের ফিটনেসের মূল শক্তি হলো তাঁর কাজের প্রতি নিষ্ঠা ও ধারাবাহিকতা। তবে তাঁর রুটিন সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে। শারীরিক গঠন ও বয়স অনুযায়ী পুষ্টিবিদদের পরামর্শে শরীরচর্চা করা উচিত হলেও, বয়সের বাধা পেরিয়ে নিজেকে সুস্থ রাখার ক্ষেত্রে শাহরুখের নিয়মানুবর্তিতা সত্যিই অনুকরণীয়।

























