৩১ অক্টোবর মানেই হ্যালোইনের উৎসব। কুমড়োর লণ্ঠন, ভূতুড়ে সাজসজ্জা আর নানা রকম মিষ্টির আয়োজন—সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে আনন্দমুখর। হ্যালোইনের অন্যতম জনপ্রিয় খাবার হলো মিষ্টি কুমড়ার পাই বা পাম্পকিন পাই। বাইরের দেশগুলোর এই জনপ্রিয় মিষ্টি এবার আপনিও তৈরি করতে পারেন বাড়িতে। খুব বেশি ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কুমড়ার পাই।
মিষ্টি কুমড়ার পাই বানাতে যা লাগবে তা হলো পাইয়ের খোলস তৈরির জন্য ময়দা, চিনি ও লবণ, ঠান্ডা মাখন এবং ঠান্ডা পানি। এছাড়া পুর তৈরিতে প্রয়োজন হবে সেদ্ধ মিষ্টি কুমড়া, ডিম, দুধ, চিনি, কনডেন্সড মিল্ক, দারচিনি, আদা, জায়ফল ও ভ্যানিলা এসেন্স।
প্রথমে একটি পাত্রে ময়দা, চিনি ও লবণ মিশিয়ে নিন এবং ঠান্ডা মাখন দিয়ে হাতের সাহায্যে মিশিয়ে ডো তৈরি করে পাইয়ের ছাঁচে বিছিয়ে নিন। এরপর সেদ্ধ মিষ্টি কুমড়া ব্লেন্ড করে তার সঙ্গে ডিম, দুধ ও অন্যান্য উপকরণ মিশিয়ে মসৃণ পুর তৈরি করে পাইয়ের খোলসে ঢেলে দিতে হবে।
আগে থেকে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে গরম করা ওভেনে ৪০-৫০ মিনিট বেক করার পর ওভেন থেকে বের করে সম্পূর্ণ ঠান্ডা করতে হবে। এরপর ফ্রিজে রেখে ঠান্ডা করে ওপর হুইপড ক্রিম ছড়িয়ে পরিবেশন করা যায়। হ্যালোইনের সন্ধ্যায় এক টুকরো মিষ্টি কুমড়ার পাই আর এক কাপ কফি উৎসবের আমেজ বাড়িয়ে দেয় দ্বিগুণ।


























