দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। যানগুলোকে আইনি কাঠামোর আওতায় আনার পর্যায়ক্রমিক অংশ হিসেবে পরবর্তীতে চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ সংক্রান্ত নীতিমালার বিস্তারিত তুলে ধরেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন সংশোধনের মাধ্যমে এই নিবন্ধনের পূর্ণ আইনি ভিত্তি তৈরি করা হয়েছে এবং মন্ত্রণালয়ের ভেটিং শেষে তা গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার প্রাথমিক নিবন্ধন ফি ৮ হাজার টাকা ও বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা ও নবায়ন ফি ৫০০ টাকা। কিউআর কোডযুক্ত ফিটনেস সনদের জন্য লাগবে অতিরিক্ত এক হাজার টাকা। প্রতিটি যানের সর্বোচ্চ চলাচলের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১২ বছর।
প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদিত নকশা অনুযায়ী ই-রিকশা তৈরি ও রূপান্তর তদারকি করতে সাত সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। নিবন্ধনহীন যান চালানো, অননুমোদিত ব্যাটারি ব্যবহার, নির্ধারিত গতিসীমা লঙ্ঘন এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।






















