ঢাকার আশুলিয়ার নরসিংহপুরে ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টার দিকে হা-মীম গ্রুপের সামনে এ সংঘর্ষের সূচনা হয়। এতে শ্রমিক ও পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, দুপুরে মধ্যাহ্নবিরতির পর কারখানা থেকে বের হয়ে খাবার খেতে যাওয়ার সময় পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এর প্রতিবাদে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথমে শ্রমিকরাই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মনিরুল ভূঁইয়া জানান, শ্রমিকদের হামলায় অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
পরবর্তীকালে বেলা দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঢাকা-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়।






















