গাজীপুরের শ্রীপুরে কাঠবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফয়সাল শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও কয়েকজন যাত্রী।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের শিমলাপাড়া এলাকার হোন্ডা ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল শেখ নড়াইল সদর উপজেলার দক্ষিণ বাঘডাঙা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি শ্রীপুরের একটি স্থানীয় কারখানায় কর্মরত ছিলেন এবং সকালে কর্মস্থলে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর থেকে মাওনাগামী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ফয়সাল শেখের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়।
মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহিনুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


























