দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে এই খাতের ওপর নির্ভরশীল কোটি শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় নিয়ে গভীর সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জামায়াত আমির এ কথা বলেন।
তিনি জানান, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাব, উৎপাদন খরচ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাকের বিশ্বব্যাপী চ্যালেন্জের কারণে দেশের প্রধান রপ্তানি খাতটি এখন এক কঠিন সময় অতিক্রম করছে। একই সময়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে শ্রমিকদের জীবনধারণ কষ্টসাধ্য হয়ে পড়েছে।
জাতীয় অর্থনীতিকে রক্ষা করতে অবিলম্বে কারখানাগুলোর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার তাগিদ দেন তিনি। শিল্পপ্রতিষ্ঠান ও শ্রমিক—উভয় পক্ষকে রক্ষার জন্য সরকারকে অবিলম্বে একটি কার্যকর ও টেকসই কৌশল গ্রহণের আহ্বান জানান জামায়াত আমির।


























