২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী এ নতুন মূল্য নির্ধারণ করা হয়, যা সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
এর আগে শুক্রবারও দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন ভরিতে ১ হাজার ৬ ৩৩ টাকা কমানো হয়েছিল। টানা দুই দিনে বড় ছাড়ের পর বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
এদিকে স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করেছে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ২ হাজার ২১৬ টাকায়।


























