চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) রুটিন দায়িত্বে উপাচার্য নিয়োগের প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে একদিনের সর্বাত্মক অ্যাকাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বয়কটের ডাক দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষার্থীদের পক্ষে দেওয়া এক জরুরি বার্তায় এই কর্মসূচির কথা জানানো হয়। এতে বলা হয়, ক্যাম্পাসে স্বাভাবিক অ্যাকাডেমিক পরিবেশ ফেরাতে তাঁরা শর্তসাপেক্ষে ক্লাসে ফিরেছিলেন। তবে রুটিন দায়িত্বে অন্য কাউকে উপাচার্যের ক্ষমতা প্রদান শিক্ষার্থীদের প্রত্যাশার পরিপন্থী।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের অচলাবস্থা দূর না করে প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। উপাচার্য নিজে সরাসরি দায়িত্ব পালন না করে বিকল্প উপায়ে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চুয়েটের পরিবেশকে আবারও অস্থিতিশীল করে তুলতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
বিবৃতিতে স্পষ্ট করা হয়, শিক্ষার্থীদের দাবির তোয়াক্কা না করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে চুয়েটে আরও কঠোর ও শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে শিক্ষার্থীরা তাঁদের একমাত্র দাবি হিসেবে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।


























