দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার ৫০০ টাকা। রোববার (১ নভেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে ৩১ অক্টোবর দিবাগত রাতে ধর্মজান বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিরলের সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় মদ জব্দ করা হয়।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে অপরাধী চক্রের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি কঠোর ও আপসহীন অবস্থানে রয়েছে। চোরাচালান রোধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।


























