উন্নয়ন কর্মকাণ্ডের নামে পরিবেশের ভারসাম্য নষ্ট না করে প্রকৃতি সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশ পুনর্গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
রোববার (১ নভেম্বর) ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষণকারী’ বিষয়ক এক বিজ্ঞান ও নীতিনির্ধারণী সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
ড. মাহদী আমিন বলেন, জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম, অথচ বৈশ্বিক কার্বন নিঃসরণে দেশের ভূমিকা একেবারেই নগণ্য। তাই আগামী প্রজন্মের বাসযোগ্য ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার দ্রুত একটি পূর্ণাঙ্গ ও যুগোপযোগী জলবায়ুবিষয়ক নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু সংকট মোকাবিলায় পরিবেশবান্ধব গবেষণা, উদ্ভাবনী প্রযুক্তি কিংবা সম্ভাবনাময় যেকোনো স্টার্টআপ উদ্যোগকে সরকারি তহবিল থেকে প্রয়োজনীয় অর্থায়ন ও নীতিগত সহায়তা দেওয়া হবে।

























