ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে পেরুর ১১ নাগরিক নিহত হয়েছেন। এছাড়া, আরও ১১৪ জন নিখোঁজ রয়েছেন এবং তিনজন ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক হয়েছেন। পেরুর পররাষ্ট্রমন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়া থেকে ৩১ জনকে ইতোমধ্যে পেরুতে ফিরিয়ে আনা হয়েছে। মস্কো ও ওয়ারশতে অবস্থিত পেরুর কনস্যুলার কর্মকর্তারা আরও নাগরিকদের দেশে ফেরানোর জন্য কাজ করছেন। পেরু সরকার তার নাগরিকদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগদানের জন্য ভুয়া চাকরির প্রস্তাবের বিষয়ে সতর্ক করেছে এবং এই ধরনের প্রস্তাবে সাড়া দিলে মানবপাচারের শিকার হওয়ার ঝুঁকি রয়েছে বলেও জানানো হয়েছে।
এদিকে, রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া পেরুর নাগরিকদের পরিবারের সদস্যরা লিমায় অবস্থিত রুশ দূতাবাসের সামনে বিক্ষোভ করে নিখোঁজ ও আহত স্বজনদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে অন্তত ১৫০ জন নিহত হওয়ার দাবি করা হলেও, এই সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। নিখোঁজ নাগরিকদের সন্ধানে পেরু সরকার আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) সহায়তা চেয়েছে।
রিপোর্টারের নাম 



















