কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার দুপুরে প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়। তাদের এই সফর রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহের প্রতিফলন।
সফরকালে প্রতিনিধি দলটি ক্যাম্পের বিভিন্ন মানবিক কার্যক্রম ও প্রকল্প পরিদর্শন করবেন। তারা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের বর্তমান জীবনযাত্রা, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেবেন। এছাড়াও, তারা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক মানবিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা, আন্তর্জাতিক সহায়তা এবং প্রত্যাবাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছান সার্জিও গোর। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি অংশ নেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং এ সংকটে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুরু থেকেই ইতিবাচক এবং দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। তিনি রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা আরও বাড়ানোর আহ্বানও জানান।
মার্কিন বিশেষ দূতের সফরকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানিয়েছেন, প্রতিনিধি দলের চলাচল ও ক্যাম্প পরিদর্শন নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
রিপোর্টারের নাম 



















