গত মঙ্গলবারের ‘জুলাই পদযাত্রা’য় হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। এই কর্মসূচিতে অংশ নিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতা ও কর্মীরা হবিগঞ্জের উদ্দেশে রওনা হলেও পথিমধ্যে তাদের একাধিকবার বাধার সম্মুখীন হতে হয়।
শ্রীমঙ্গল চা-কন্যার মোড় পার হয়ে বাহুবল-রশিদপুর গ্যাসফিল্ডের সামনে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে খালি ট্রাক দিয়ে এনসিপি নেতাদের গাড়ি বহর আটকে দেওয়ার চেষ্টা করা হয়। তবে দলটির কর্মীরা সেই ট্রাক সরিয়ে সামনের দিকে এগিয়ে যান।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিকেল ৫টা পর্যন্ত তাদের গাড়ি বহরকে তিন জায়গায় আটকে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘প্রথমে পুলিশ দিয়ে, তারপর রাস্তায় ট্রাক আটকে চাকা পাংচার করে এবং সর্বশেষ রাস্তার ওপর ট্রাক্টর রেখে আমাদের আটকে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ‘তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই গাড়ি বহর আটকে দেওয়া হয়েছিল। তবে তারা আমাদের কথা শোনেনি এবং বহর শ্রীমঙ্গল পার হয়ে গেছে।’
এদিকে, শ্রীমঙ্গলে ১৪৪ ধারা জারির কারণে বিকেল সাড়ে চারটায় হবিগঞ্জ সার্কিট হাউজে একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল এনসিপি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দলটির নেতাকর্মীরা সেখানে পৌঁছাতে পারেননি।
রিপোর্টারের নাম 



















