এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে গুগলের কাছে কনটেন্ট সরানোর জন্য অন্তর্বর্তী সরকার মোট ২৭৯টি অনুরোধ করেছে, যার মধ্যে সিংহভাগই ছিল সরকারের সমালোচনামূলক কনটেন্ট সরানোর বিষয়ে। তবে এই অনুরোধে গুগলের সাড়া দেওয়ার প্রবণতা তুলনামূলকভাবে কম।
বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল (অ্যালফাবেট) সম্প্রতি তাদের ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাসের স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে সরকারি বিভিন্ন সংস্থার কাছ থেকে পাওয়া অনুরোধ, কনটেন্টের ধরন এবং এ বিষয়ে গুগলের পদক্ষেপ তুলে ধরা হয়েছে। এ সময়ে সরকার গুগলের কাছে মোট ২৭৯টি অনুরোধ করে, যা ১,০২৩টি আইটেম সম্পর্কিত ছিল। এর বিপরীতে গত বছর অর্থাৎ ২০২৪ সালের প্রথম ৬ মাসে (আগের সরকারের সময়ে) এই অনুরোধের সংখ্যা ছিল ৩৩৭টি এবং আইটেম সংখ্যা ছিল ৪,৪৭০টি।
প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, এ বছরের প্রথম ৬ মাসে পাঠানো অনুরোধগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১৮১টি ছিল সরকারের সমালোচনামূলক কনটেন্ট সরানোর জন্য। এরপর রয়েছে নিয়ন্ত্রিত পণ্য ও সেবাবিষয়ক ৩৮টি এবং মানহানিবিষয়ক ৩২টি অনুরোধ। সরকারের সমালোচনার কারণে করা ১৮১টি অনুরোধের সবগুলোই ছিল ইউটিউবের কনটেন্ট নিয়ে। সবচেয়ে বেশি অনুরোধ এসেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে।
গুগল জানিয়েছে, বাংলাদেশ থেকে অনুরোধ করা আইটেমগুলোর ৬৫ শতাংশের বেশি ক্ষেত্রে অনুরোধে যথেষ্ট তথ্যের অভাব ছিল। ১৬.১ শতাংশ ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ৯ শতাংশে কনটেন্ট আগেই সরানো হয়েছে, আইনি প্রক্রিয়ায় ২.৫ শতাংশ সরানো হয়েছে, নীতি অনুযায়ী ৩.৭ শতাংশ সরানো হয়েছে এবং ৩.৫ শতাংশের ক্ষেত্রে কনটেন্ট খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, গুগলের সহযোগী প্রতিষ্ঠান ইউটিউব এই সময়ে তাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ৬ লাখ ২১ হাজার ৬৫৫টি ভিডিও সরিয়ে দিয়েছে।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করে। এই অধ্যাদেশের ধারা ৮ অনুযায়ী, বিটিআরসি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলোকে কনটেন্ট ব্লক করার অনুরোধ করতে পারে। এই অধ্যাদেশে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্লক হওয়া সব কনটেন্টের তথ্য জনসমক্ষে প্রকাশের বিধান যুক্ত করা হয়েছে। ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী মনে করেন, এই তথ্য প্রকাশিত হলে জনগণ জানতে পারবে সরকার ঠিক কোন ধরনের সমালোচনা সরাতে চায়। তবে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে ব্লক করার অনুরোধকৃত কনটেন্টের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
রিপোর্টারের নাম 
























