আগামীকাল (২৪ জুলাই) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লাকে বিশেষ সম্মাননা প্রদান করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই আয়োজন থেকে প্রাপ্ত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হবে।
কিংবদন্তি এই শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং সংগীত জগতে তাঁর অসামান্য অবদানকে জাতীয়ভাবে সম্মানিত করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লাকে এই সম্মাননা দেওয়া হবে এবং এরপর অনুষ্ঠিত হবে তাঁর একক সংগীতানুষ্ঠান।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে বন্যার্তদের সাহায্যার্থে গান পরিবেশন করবেন রুনা লায়লা। অনুষ্ঠানে টিকিটের মূল্য ২০০০, ৩০০০ এবং ৫০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রাপ্ত সমস্ত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তৃতা করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ও জনপ্রিয় সংগীত তারকা রুনা লায়লা তাঁর একক সংগীতানুষ্ঠানে বিভিন্ন ভাষায় তাঁর জনপ্রিয় ও বিখ্যাত গানগুলো পরিবেশন করবেন বলে একাডেমি সূত্র জানিয়েছে। বাংলা ভাষায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও উর্দু, হিন্দি, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন। রুনা লায়লা বাংলাদেশের সংগীত ভুবনের এক অনন্য দীপশিখা, যিনি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে চলেছেন।
রিপোর্টারের নাম 




















