ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনার পর তিন দিন সাগরে ভেসে থাকার পর পাঁচজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে সাত বছর বয়সী এক শিশুকন্যাও রয়েছে। রোববার একজন উদ্ধার কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার সুলাওয়েসি দ্বীপের দক্ষিণে অবস্থিত ছোট দ্বীপ সেলায়ারের কাছে ৭০ জনের বেশি যাত্রী বহনকারী নৌকাটি ডুবে যায়। প্রাথমিকভাবে ৫০ জন যাত্রীর তালিকা থাকলেও, পরবর্তীতে যাচাইয়ে দেখা যায় নৌকাটিতে মোট ৭৮ জন যাত্রী ছিলেন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তারা নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত ২৫ জনের একটি দলের সদস্য ছিলেন। প্রবল বাতাসের কারণে তারা অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার কর্মকর্তা মুহাম্মদ আরিফ আনোয়ার এএফপিকে বলেন, “নৌকাটি ডুবে যাওয়ার পর তারা দড়ি দিয়ে জেরিক্যান এবং কর্কের টুকরো একসঙ্গে বেঁধে তার ওপর উঠে ভেসে ছিলেন।”
আরিফ আরও জানান, শনিবার বিকেলে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করেন এবং সহায়তার জন্য কর্তৃপক্ষকে রেডিও বার্তা পাঠান। পর্যাপ্ত খাবার ও পানি ছাড়া কয়েক দিন সাগরে ভেসে থাকার কারণে উদ্ধার হওয়া ব্যক্তিদের ক্লান্ত ও দুর্বল দেখাচ্ছিল। তবে তারা ইনস্ট্যান্ট নুডলস ও বিস্কুট খেয়ে নিজেদের বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে এখনও অভিযান চলছে, যেখানে পাঁচটি বড় জাহাজ, একটি অনুসন্ধানী বিমান এবং একটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। দেশটিতে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও প্রতিকূল আবহাওয়ার কারণে নৌ দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। এর আগে জানুয়ারিতে পূর্ব ইন্দোনেশিয়ায় একটি নৌকা ডুবে তিনজন স্প্যানিশ পর্যটক নিহত হয়েছিলেন।
রিপোর্টারের নাম 

























