বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের ব্যর্থতা তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে। তার অভিযোগ, বিদ্যুৎমন্ত্রী লোডশেডিং না থাকার দাবি করলেও দেশের অনেক এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না।
শুক্রবার বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষার দাবিতে নোয়াখালী জেলা এনসিপি এই কর্মসূচির আয়োজন করে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন ছিল ‘মিডনাইট ইলেকশন’, যেখানে ফল প্রকাশের আগেই ভোট চুরি হয়েছিল। তবে ২০২৪ সালের নির্বাচনে নতুন ধরনের প্রক্রিয়া দেখা গেছে, এবার ফল প্রকাশের পর ভোট চুরি হয়েছে বলে তিনি দাবি করেন। তার মতে, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকলেও সেই ভোট চুরি করা হয়েছে।
কর্মসংস্থান প্রসঙ্গে এই এনসিপি নেতা সরকারের সমালোচনা করে বলেন, এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও ছয় মাস পেরিয়ে গেলেও একটি নতুন কর্মসংস্থানও নিশ্চিত করা যায়নি। নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও দেখা যাচ্ছে না। তিনি তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে দেশ পরিচালনা বা সংস্কারের ধারণাকে ভুল বলেও উল্লেখ করেন।
এ সময় কর্মসূচিতে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























