রাজনৈতিক সংস্কৃতিতে আমূল পরিবর্তন এনে কথা ও কাজের মিল রয়েছে এমন নেতৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ঢাকা মহানগর উত্তরের আমির ও মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, তারা এমন একটি সমাজ গড়তে চান যেখানে নাগরিকরা সব ধরনের সেবা সহজে পাবেন এবং যুবসমাজ মাদক ও অপরাধ থেকে মুক্ত থাকবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকায় এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন ঢাকার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এক সময়ের স্বপ্নের ঢাকা আজ ময়লার স্তূপে পরিণত হয়েছে এবং সরকারি চিকিৎসা ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় নিম্নবিত্তরা মানসম্মত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন যে, চাঁদাবাজির কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষ অতিষ্ঠ, যার প্রভাব সরাসরি নিত্যপণ্যের দামের ওপর পড়ছে।
রাজধানীর গ্যাস সংকট ও শিল্পকারখানার স্থবিরতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, দায়িত্ব পেলে পাঁচ বছরের মধ্যে ঢাকাকে একটি জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব মেগাসিটিতে রূপান্তর করা সম্ভব। নাগরিকদের তাৎক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে ‘নাগরিক সেবা ডট নেট’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে বলেও তিনি সভায় অবহিত করেন। সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























