সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জেলার সকল নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ২৬৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পাশাপাশি উজানের ঢলের কারণে সুরমা, যাদুকাটা, পাঠলাই, বৌলাই নদীর পানিও বাড়ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে, হঠাৎ করে পানি বাড়ায় তাহিরপুর, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর উপজেলার নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ভাঙনকবলিত এলাকার মানুষজনও আতঙ্কে রয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক জানান, গত ২৪ ঘণ্টায় এই মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। সুরমা নদীর পানি ৫১ সেন্টিমিটার বেড়ে ৭.২০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ছাতক পয়েন্টে ৪৪ সেন্টিমিটার বেড়ে পানি ৮.১৭ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। লাউড়েরগড় পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এভাবে নদ-নদীর পানি বাড়তে থাকলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 






















