দেশের কলেজ পর্যায়ের শরীরচর্চা শিক্ষক-শিক্ষিকাদের দক্ষতা উন্নয়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) তিন দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স (ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল)’ শীর্ষক এই কার্যক্রম আগামী মঙ্গলবার থেকে শুরু হবে।
মাউশির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের জন্য মোট তিনটি ব্যাচে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ব্যাচে ৩৫ জন করে মোট ১০৫ জন প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ব্যাচের প্রশিক্ষণ আগামী ৯ থেকে ১১ জুন এবং দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিত হবে। এছাড়া, তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত ময়মনসিংহ সরকারি শারীরিক শিক্ষা কলেজে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহী ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের বি.পি.এড (ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন) প্রশিক্ষণপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক-শিক্ষিকাদের আগামী ৮ জুন বিকেল ৫টার মধ্যে মাউশি কর্তৃক নির্ধারিত গুগল লিংকের মাধ্যমে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে।
আবেদনকারীদের সরকারি বা বেসরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক হতে হবে এবং অবশ্যই বি.পি.এড প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। পাশাপাশি, নিয়োগ ও এমপিওভুক্ত চাকরিকাল ন্যূনতম দুই বছর পূর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স ৫০ বছরের মধ্যে থাকতে হবে। তবে, যেসব নারী প্রশিক্ষণার্থীর ছোট সন্তান রয়েছে, তাদের এই প্রশিক্ষণে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
মনোনীত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে অংশগ্রহণের সময় নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের ছাড়পত্র, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যবহারিক ক্লাসের জন্য এক জোড়া কেডস ও ট্রাউজার সঙ্গে আনতে হবে। এছাড়া, প্রশিক্ষণার্থীদের যাতায়াত ও অন্যান্য ভাতা (টিএ/ডিএ) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























