সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের পরে ফেইসবুক লাইভে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে বলা’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মামলার তদন্ত কর্মকর্তার আবেদন নিয়ে এ আদেশ দেন। জামিন শুনানি শেষে তার আইনজীবী জি.এম কাওসার-উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এসময় রিমান্ড আবেদন না থাকায় তাকে এজলাসে ওঠানো হয়নি বলে উল্লেখ করেন এ আইনজীবী।
সোমবার মধ্যরাতে গ্রেফতারের পর মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আলামিন। লাভলু মোল্লাহর পক্ষে তার আইনজীবী জি.এম কাওসার-উল ইসলাম সোহেলসহ কয়েকজন জামিন চেয়ে আবেদন করেন।
শুনানি নিয়ে আদালত তার জামিন নামঞ্জুরের আদেশ দেয় বলে জানা প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৩১ মে ভোর সাড়ে ৬টার শাহবাগের পরীবাগ এলাকায় কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশে স্লোগান দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ১ জুন শাহবাগ থানায় মামলা করেন এসআই কামাল উদ্দিন মিয়া। সন্ত্রাসবিরোধী আইনের এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহ শিশিরকে কারাগারে পাঠানো হয়।
রিপোর্টারের নাম 























