পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রত্যাশা করেন, ত্যাগের মহিমায় উজ্জ্বল এই উৎসব সবার জীবনকে আনন্দময় করে তুলুক।
এক বাণীতে মির্জা ফখরুল বলেন, ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যার মূল শিক্ষা হলো ত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। তিনি উল্লেখ করেন, এই ঈদ সবার জীবনকে আনন্দময় করে তোলে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে। কোরবানির মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করা এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
বিএনপি মহাসচিব আরও বলেন, ঈদুল আজহার প্রধান শিক্ষা হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিঃশর্ত আনুগত্য প্রদর্শন। এটি ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের এক অনন্য উৎসব, যা মুসলমানদের মহান আল্লাহ পাকের প্রতি নিবেদিত বান্দা হওয়ার প্রেরণা যোগায়।
তিনি বিশ্বাস করেন, প্রতিটি উৎসবই ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের চিত্তবৃত্তি ও ঔদার্য প্রসারিত করে। উৎসব মানবজাতিকে সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ করে এবং অন্ধকার থেকে মানবিক আলোর ভূমিতে সমবেত করে। তাই ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার উৎসবে সাম্য, উদারতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পায় বলে তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 




















