নুরুন্নাহার নিম্নি বাংলাদেশের দ্বিতীয় নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। বুধবার ভোরে তিনি এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান। এই তথ্য নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
জানা যায়, এর মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর কোনও বাংলাদেশি নারী এভারেস্টের শিখরে উঠলেন। এর আগে ২০১২ সালে নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন এবং একই বছর ওয়াসফিয়া নাজরীনও শিখরে ওঠেন।
গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপাল যাত্রা শুরু করেন নিম্নি। কাঠমান্ডু ও লুকলা হয়ে এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছানোর পর কয়েক ধাপে উচ্চতার সঙ্গে মানিয়ে নিয়ে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নেন। প্রতিকূল আবহাওয়ার কারণে একবার বেজক্যাম্পে ফিরে আসতে হলেও আবহাওয়া অনুকূলে এলে তিনি পুনরায় যাত্রা শুরু করেন এবং অবশেষে নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান।
বর্তমানে পুবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত নিম্নি। তার এভারেস্ট অভিযানের স্পনসরও ছিল প্রতিষ্ঠানটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের এই শিক্ষার্থী রংপুরে বেড়ে উঠেছেন। এভারেস্ট জয় করে নুরুন্নাহার নিম্নি বাংলাদেশের নারী পর্বতারোহীদের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করলেন।
রিপোর্টারের নাম 






















