বাংলাদেশে চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় অনিয়ম ও প্রতারণার অভিযোগে ট্রাভেল এজেন্সিগুলোর জন্য নতুন শর্ত আরোপ করেছে চীন। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে, সম্প্রতি কিছু ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ভুয়া আবেদন জমা দেওয়া, ফি সংক্রান্ত তথ্য গোপন রাখা, ভিসা প্রাপ্তির জটিলতা অতিরঞ্জিত করা, আবেদন প্রক্রিয়া বিলম্বিত করা, মিথ্যা তথ্য প্রচার এবং আবেদনকারীদের সঙ্গে প্রতারণার মতো অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে। এসব কর্মকাণ্ড চীনের ভিসা প্রক্রিয়াকে ব্যাহত করার পাশাপাশি আবেদনকারীদের স্বার্থ ক্ষুণ্ন করেছে বলে মনে করছে দূতাবাস।
এ কারণে আগামী ৫ জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে। নতুন শর্ত অনুযায়ী, আবেদনকারীদের পক্ষে চীনা ভিসার আবেদন পরিচালনা করতে হলে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিকে অবশ্যই ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) স্বীকৃত হতে হবে। একই সঙ্গে দূতাবাস আবেদনকারীদের ট্রাভেল এজেন্সির ওপর নির্ভর না করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিজ উদ্যোগে ভিসার আবেদন করার পরামর্শ দিয়েছে। দূতাবাসের মতে, এতে আবেদনকারীরা প্রতারণার ঝুঁকি থেকে রক্ষা পাবেন এবং ভিসা প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে।
চীনা দূতাবাস আরও স্পষ্ট করেছে যে, তারা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে একচ্ছত্র ভিসা এজেন্সি হিসেবে অনুমোদন, মনোনয়ন বা সুপারিশ করেনি এবং কোনো ভিসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বও গড়ে তোলেনি। দূতাবাস সতর্ক করে জানিয়েছে, নিজেদের দূতাবাসের প্রতিনিধি পরিচয় দিয়ে বা দূতাবাসের নাম ব্যবহার করে বাণিজ্যিক ভিসা কার্যক্রম পরিচালনাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আবেদনকারীদের যেকোনো অনিয়ম বা প্রতারণার তথ্য সরাসরি দূতাবাসে জানানোর আহ্বান জানানো হয়েছে। চীন বলছে, বাংলাদেশি নাগরিকদের জন্য আরও দক্ষ, স্বচ্ছ ও মানসম্মত ভিসা সেবা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।
রিপোর্টারের নাম 
























