ঈদুল আজহা উপলক্ষে টেলিভিশন চ্যানেল বিটিভির বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ নতুন আঙ্গিক ও বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে। একঝাঁক জনপ্রিয় তারকার অংশগ্রহণে অনুষ্ঠানটি ঈদের দিন রাত ১০টায় প্রচারিত হবে। এবারের অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
অনুষ্ঠানে উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা বিশেষ কোরিওগ্রাফির মাধ্যমে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানে নতুনভাবে হাজির হয়েছেন। অন্যদিকে, কণ্ঠশিল্পী বেবী নাজনীন পরিবেশন করেছেন ‘কাল সারারাত ছিল স্বপ্নের রাত’ গানটি। এই গানের কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী ও শাওন। অনুষ্ঠানে আরও থাকছেন ফেরদৌস ওয়াহিদ।
নতুন গান ‘কৃষ্ণচূড়া’ নিয়ে এই আনন্দমেলায় হাজির হচ্ছেন সংগীতশিল্পী ন্যান্সি ও ইমরান। গানটির গীতিকার কবির বকুল এবং সংগীতায়োজনে রয়েছেন ইমরান মাহমুদুল।
অনুষ্ঠানের নৃত্য পরিবেশনাতেও থাকছে বিশেষ বৈচিত্র্য। ‘রূপনগরের রাজকন্যা’ সাজে নৃত্য পরিবেশন করবেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। আর ‘দূর দ্বীপবাসিনী’ গানে নৃত্য পরিবেশন করবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। এই পরিবেশনাগুলোর নৃত্য পরিচালনায় রয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ ও নৃত্যভূমি।
দর্শক অংশগ্রহণে ‘রঙ’ শিরোনামের একটি বিশেষ পর্বে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা পরীমনি। এছাড়া কয়েকজন তারকাকে নিয়ে একটি কুইজ শো অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নিয়েছেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান এবং খায়রুল বাশার। একটি বিশেষ পরিবেশনা নিয়ে হাজির হবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি।
জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত মোহাম্মদ জাকারিয়াও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ‘অ-মানুষ’ শিরোনামের একটি বিশেষ স্টেজ পারফরম্যান্সে থাকছেন অভিনেতা সুমন এবং কৌতুকশিল্পী শাওন।
গান, নৃত্য, কৌতুক, কুইজ ও বিশেষ পরিবেশনায় সাজানো এবারের ‘আনন্দমেলা’ এই ঈদে দর্শকদের জন্য বাড়তি বিনোদনের আয়োজন হয়ে উঠবে। আনন্দমেলা প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।
রিপোর্টারের নাম 






















