লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে সংঘবদ্ধ মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। এ সময় তারা গ্রেপ্তারকৃত এক আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্য সিঙ্গিমারী গ্রামে।
আহত সহকারী উপপরিদর্শক (এএসআই) আইয়ুব আলী ও এএসআই রফিকুল ইসলাম স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার একটি দল মাদকসহ এক কারবারিকে আটক করে হাতকড়া পরায়। আটকের খবর ছড়িয়ে পড়লে মাদক কারবারিরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন এবং হাতকড়াসহ আসামি পালিয়ে যান।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক কারবারিদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলায় জড়িতদের গ্রেপ্তারে এলাকায় ব্যাপক অভিযান চলছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।”
রিপোর্টারের নাম 




















