জুলাই বিপ্লব পরবর্তী প্রেক্ষাপটে দেশের তরুণ সমাজ আর গতানুগতিক কোনো বাজেট দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘তারুণ্যের বাজেট ভাবনা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ঘিরে তারুণ্যবান্ধব ও কর্মসংস্থানমুখী পরিকল্পনার দাবিতে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, দেশের বর্তমান সংকটগুলো কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রয়োজন। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি ও তরুণদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হলে দেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজের নির্বাহী পরিচালক ড. মো. মিজানুর রহমান।
সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগারের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা ও দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা অংশ নেন। বক্তারা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো তৈরির ওপর জোর দেন। অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















