হবিগঞ্জ-সিলেট রুটে বিরতিহীন বাস চলাচলে বাধা ও আটকে রাখার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে মঙ্গলবার গভীর রাতে এই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার সকাল থেকে মহাসড়ক দিয়ে হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে, যা যাত্রীদের মধ্যে স্বস্তি এনেছে। এর আগে মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জ থেকে সিলেটসহ বিভিন্ন গন্তব্যে কোনো বাস ছেড়ে যায়নি, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছিলেন সাধারণ মানুষ।
বাস ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শ্রীমঙ্গল-ভায়া-মৌলভীবাজার সড়কে বাস চলাচল বন্ধ থাকবে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী জানান, গত রোববার সকাল ৭টা থেকে মৌলভীবাজার মোটর মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপনের নেতৃত্বে শেরপুর এলাকায় হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসগুলো আটকে রাখা হচ্ছিল। এর প্রতিবাদেই হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল।
রিপোর্টারের নাম 
























