আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের পশুর হাটে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের এই এলবিনো জাতের মহিষটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে। মহিষটির বিচিত্র রং এবং মাথার চুলের ধরনের সাথে মার্কিন সাবেক প্রেসিডেন্টের মিল থাকায় খামারি এর নাম রেখেছেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
খামারে আসা দর্শনার্থীরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গোলাপি এই মহিষটির ভিডিও দেখে তারা কৌতূহলী হয়ে উঠেছেন। দর্শনার্থীদের মতে, মহিষটির চুলের স্টাইল অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হলেও এর স্বভাব অত্যন্ত শান্ত। মহিষটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এর বিশাল আকৃতিও ক্রেতাদের নজর কাড়ছে।
খামার কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর কোরবানির পর রাজশাহী থেকে এই মহিষটি সংগ্রহ করা হয়েছিল। দীর্ঘ এক বছর বিশেষ যত্নে লালন-পালনের পর সম্প্রতি এটি বিক্রি করা হয়েছে। লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে ঢাকার এক ক্রেতা মহিষটি কিনে নিয়েছেন।
খামারের পরিচর্যাকারীরা জানান, ডোনাল্ড ট্রাম্পের খাদ্য তালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, গমের ভুসি, খড় ও সবুজ ঘাস। নিয়মিত পরিচর্যা ও পুষ্টিকর খাবারের মাধ্যমে একে স্বাস্থ্যসম্মত উপায়ে বড় করা হয়েছে। শান্ত প্রকৃতির এই মহিষটি এবারের কোরবানির বাজারের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।
রিপোর্টারের নাম 
























