বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল তৃণমূল পর্যায়ে নিজেদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও কার্যক্রমে গতিশীলতা আনতে নতুন করে সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম শুরু করেছে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংগঠনটিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে একের পর এক নতুন কমিটি ঘোষণা করা হচ্ছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছির সম্প্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট, জেলা, মহানগর এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কমিটি অনুমোদন দিয়েছেন। গত কয়েকদিনে ৪৫টিরও বেশি ইউনিটে পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম (পূর্ণাঙ্গ কমিটি), ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা, জামালপুর জেলা ও মহানগর, নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, কুমিল্লা মহানগর এবং নোয়াখালী জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের সক্রিয়তা বাড়াতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়েও নতুন কমিটি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এবং পুণ্ড্র ইউনিভার্সিটি। ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজেও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ঢাকা কলেজসহ ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, জয়পুরহাট সরকারি কলেজ, নারায়ণগঞ্জ কলেজ এবং হাজী মিছির আলী ডিগ্রি কলেজেও নতুন কমিটি দেওয়া হয়েছে।
ছাত্রদল সূত্রে জানা গেছে, ঘোষিত এসব কমিটি চলতি বছরের এপ্রিল মাসে বিএনপির চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জমা দেওয়া হয়েছিল। এরপর তিনি চূড়ান্ত অনুমোদন দেওয়ার পরই ধাপে ধাপে এসব কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ঘোষিত কমিটির বাইরে আরও বেশ কিছু জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের কমিটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং সেগুলোও বিএনপির চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়েছে। সংগঠনটির নেতারা বলছেন, কেন্দ্রীয় নেতৃত্ব সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্য নেতৃত্বকে সামনে আনার ওপর গুরুত্ব দিচ্ছেন।
রিপোর্টারের নাম 





















