মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ডাকাতি করতে গিয়ে নিজের দলের সদস্যদের গুলিতেই এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে এক প্রবাসী পরিবারে ডাকাতির চেষ্টার সময় এ ঘটনা ঘটে। নিহতের নাম সাইফুল ওরফে ছয়ফুল (৩২), তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একদল সশস্ত্র ডাকাত ওই গ্রামের এক প্রবাসীর বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এসময় আতঙ্কিত ডাকাতরা এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। অন্ধকারে সহযোগীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সাইফুলের মাথায় লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার সঙ্গীরা পালিয়ে যায়।
খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ডাকাতির উদ্দেশ্যে এসে নিজেদের গুলিতেই ওই ব্যক্তি নিহত হয়েছেন। এই চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 























