দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি সফল করতে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের সাথে সাথে সারাদেশে একযোগে এই কার্যক্রম শুরু হবে। কর্মসূচির অধীনে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইন বা সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করার জন্য উদ্বুদ্ধ করতে প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে। এছাড়া প্রতিটি শ্রেণিকক্ষে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মাউশির পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড ও প্রবেশপথে অনুমোদিত ব্যানার প্রদর্শনের পাশাপাশি নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কর্মসূচির ব্যাপক প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মের খেলোয়াড়দের অংশগ্রহণের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















