ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহন শেখ (৬৬) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এই সংঘাতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন এবং জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ জোয়ার্দ্দারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে জাহিদ জোয়ার্দ্দারের সমর্থক মোহন শেখকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এই খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং অন্তত ১২টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়।
শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্নি জানান, মোহন শেখকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুরে পাঠানো হয়েছে। শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























