কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার ভোর ৫টা থেকে কুষ্টিয়া থেকে সব রুটে এই বাসগুলোর চলাচল বন্ধ রয়েছে। ফলে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটে কোনো বাস চলছে না।
এ ছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটেও মালিক গ্রুপের কোনো বাস ছাড়েনি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস এবং অন্য জেলার বাসগুলো চলাচল করছে। এই আকস্মিক ধর্মঘটের কারণে সংশ্লিষ্ট রুটের যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতির ডাক দেয়।
কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম জানান, মোটর শ্রমিক ইউনিয়নের মালিকানাধীন দুটি বাস রয়েছে। একটি মালিক সমিতির অন্তর্ভুক্ত এবং অন্যটি জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সঙ্গে যুক্ত। মালিক সমিতির বাসটি অন্যান্য মালিকদের মতো সুযোগ-সুবিধা পেলেও জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের বাসটিকে তেমন কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয় না। দুটি প্রধান দাবির বিষয়ে মালিক গ্রুপের সঙ্গে বৈঠক হলেও দাবি পূরণ না হওয়ায় শুক্রবার সকাল থেকে মালিক গ্রুপের বাস-মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। মালিক সমিতির শ্রমিকরাও তাদের সঙ্গে একমত হয়ে বাস চলাচল বন্ধ রেখেছেন।
কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে বাস-মিনিবাস শ্রমিক সংগঠনের নেতারা দুটি দাবি জানান। প্রথমত, পরিবহন সংশ্লিষ্ট মালিকরা যেসব সুযোগ-সুবিধা পান, শ্রমিকদেরও একই সুযোগ-সুবিধা দিতে হবে। দ্বিতীয়ত, শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচলের অনুমোদন দিতে হবে। এসব দাবি পূরণ না হওয়ায় তারা বাস চলাচল বন্ধ রেখেছেন।
রিপোর্টারের নাম 





















