রাজধানীর পল্টন মডেল থানায় বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মো. আফজাল নাছেরকে আদালত বিভিন্ন মেয়াদে ফের রিমান্ডে পাঠিয়েছেন। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ’র আদালত তদন্ত কর্মকর্তার পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালত আসামি মামুন খালেদের একদিন এবং আফজাল নাছেরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ। মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা মতিঝিল বিভাগের স্পেশাল অপারেশন টিমের উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন আসামি মামুন খালেদের একদিন এবং আফজাল নাছেরের পাঁচ দিন নিজ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন করেছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণার সময় বিএনপির নয়া পল্টন কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। একই সময়ে কার্যালয়ের পাশে থাকা নেতাকর্মীদের ওপরও হামলা চালানো হয়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
উল্লেখ্য, গত ২৫ মার্চ দিবাগত রাতে শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে চার দফায় ১৬ দিনের রিমান্ডে পাঠানো হয়। অন্যদিকে, আফজাল নাছেরকে গত ৩০ মার্চ ভোরে গ্রেপ্তার করা হয় এবং তাকে তিন দফায় ১৩ দিনের রিমান্ডে পাঠানো হয়।
রিপোর্টারের নাম 



















